
এক মস্ত অভিধান লুকোনো প্রত্যেক মনে,
বারবার ব্যবহারে শব্দেরা চিত্র আঁকে জীবনে।
বেশি প্রয়োগে স্পষ্ট ছবির প্রান্তরেখা,
তাতে যেন গড়ে ওঠে এক অক্ষরেখা।
সে–রেখার চারদিকে ঘোরে যে জীবনখানা–
নিচে ব্যস্ত চিন্তা-কাজ, ঊর্ধ্বে শব্দ-সামিয়ানা।
সেই শব্দ অর্থ হলে শয়নে স্বপনে অর্থ,
অর্থের জন্য খারাপ পথে হেঁটেই জীবন ব্যর্থ।
শব্দ যদি মানবতা হয় জীবনের সার্থকতা,
থাক-না সেখানে টাকাপয়সার অপ্রতুলতা।
শব্দ বাছাইয়ের মাপকাঠিতে মানবতা থাক,
সবার জীবন থেকে মন্দ শব্দ চলে যাক।
ক্রমে ক্রমে মন থেকে তাড়িত হোক খুনি আসামি,
এই পৃথিবী সুন্দর হোক সুন্দর হোক আগামী।