
ধরার আকর্ষণ উপেক্ষা করে
হৃদয় গেল কোন গ্রহেতে?
মনটা করল পাতাল প্রবেশ-
কী কাজ হবে এই দেহেতে?
মৃত্যুর চোখে ধুলো ছড়িয়ে
আমরা তবুও বেঁচে আছি,
জগন্নাথ দেব তুষ্ট হবেন
যদি না টানি রথের কাছি?
টানার জন্য যোগ্যতাহীন
হৃদয় এবং মনটা বুঝি-
বর্তমানে নেই পৃথিবীতে
বলো কোথায় তাদের খুঁজি?
আবেদন হয়নি সঠিক
যায়নি পাওয়া অনুমতি?
শুদ্ধ চিত্ত শুদ্ধ মন ছাড়া
দেবে না দেব সম্মতি?
ফিরুক শুদ্ধ চিত্ত মনন
মানবতা মনের মাঝে,
উঠবে হাতে কাছি তখন
মাতব আবার নিজ কাজে।