
বন্ধু আমি কালের স্রোতে
উৎসাহহীন হয়েছি আজ,
বিষাদ আগে জ্বলে গেছে
অনুপ্রেরণার সকল সাজ।
শ্রমের প্রহার খেয়ে খেয়ে
কালশিটে দাগ দেহে মনে,
প্রেরণা-বাম ক্ষতে দিয়ো
চাঙা করো মনে প্রাণে।
পাহাড় থেকে ঝরনার উদ্যম
এনো বন্ধু আমার তরে,
বন্ধু এমন সিক্ত করো
নিরাশ ধুলো ভিজেই মরে।
আকাশগঙ্গা থেকে আনা
জলে আমায় করো সিক্ত,
সেই সলিলের স্পর্শ করুক
অনুপ্রেরণায় সম্পৃক্ত।
চোখের মনের চোখ বদলাবে
দেখবে পৃথ্বী প্রেরণাময়,
মঙ্গলজনক কর্ম আনবে
বসুন্ধরায় সেই সুসময়।